OpenAI

৩ নভেম্বর, ২০২৬

কোম্পানি

জিল হ্যাজেলবেকারকে প্রধান করপোরেট বিষয়ক কর্মকর্তা নিয়োগ দিল OpenAI

জিল হ্যাজেলবেকার প্রধান করপোরেট বিষয়ক কর্মকর্তা হিসেবে OpenAI-এ যোগ দেবেন. তিনি বিশ্বজুড়ে প্রতিষ্ঠানের যোগাযোগ কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি গড়ে তোলার নেতৃত্ব দেবেন.

আলোয় ভরা একটি ঘরে বসে আছেন জিল হ্যাজেলবেকার.

এআই সম্পর্কে জনসাধারণের বোঝাপড়া আরও গভীর করতে এবং OpenAI-এর লক্ষ্যের প্রতি আস্থা জোরদার করতে জিল প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন. প্রযুক্তি প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাদের পরামর্শ দেওয়ার প্রায় দুই দশকের অভিজ্ঞতা রয়েছে তাঁর. এই সময়ে তিনি তাঁদের অভূতপূর্ব প্রবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহায়তা করেছেন.

সর্বশেষ জিল উবারের সভাপতি ও প্রধান করপোরেট বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন. সেখানে উচ্চাভিলাষী একটি নবীন উদ্যোগ থেকে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর একটিতে প্রতিষ্ঠানটির রূপান্তরে তিনি নেতৃত্ব দিয়েছেন অন্য নেতাদের সঙ্গে মিলে.

এআইয়ের ভবিষ্যৎ গড়ে তুলছেন যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান, তাঁদের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে প্রয়োজনীয় নেতৃত্ব ও সক্ষমতায় বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ OpenAI. জিলের নিয়োগ সেই অঙ্গীকারেরই প্রতিফলন.

“এআই যত বেশি মানুষের জীবনের অংশ হয়ে উঠছে, আমরা কীভাবে যোগাযোগ করি, মানুষের সঙ্গে যুক্ত হই এবং জনসাধারণের আস্থা অর্জন করি, তা ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে—আগে কখনো এর গুরুত্ব এতটা ছিল না. জিলের রয়েছে অসাধারণ বিচারবোধ ও অভিজ্ঞ নেতৃত্বের দক্ষতা. বিশ্বব্যাপী ব্যবহারের জন্য প্রযুক্তি তৈরি করতে গিয়ে যেসব সুযোগ ও দায়িত্ব আসে, সে সম্পর্কেও তাঁর গভীর বোঝাপড়া রয়েছে. সামনের এই নতুন অধ্যায়ে আমাদের ঠিক তাঁর মতো একজন নেতাই প্রয়োজন. তাঁকে OpenAI-এ স্বাগত জানাতে পেরে আমি ভীষণ আনন্দিত.”
গ্রেগ ব্রকম্যান, সহপ্রতিষ্ঠাতা ও সভাপতি, OpenAI
“আমাদের জীবদ্দশায় প্রযুক্তির সবচেয়ে সুদূরপ্রসারী পরিবর্তন নিয়ে এসেছে এআই. এখানে প্রাপ্তি ও ক্ষতি—দুইয়েরই ব্যাপকতা বিশাল, সম্ভাবনা অসাধারণ. আর জনসাধারণের আস্থা গড়ে তোলার কাজ এতটা গুরুত্বপূর্ণ আগে কখনো ছিল না. এই সময়ের চাহিদা পূরণে OpenAI-কে সহায়তা করতে স্যাম, গ্রেগ এবং তাঁদের গড়ে তোলা অসাধারণ দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত.”
জিল হ্যাজেলবেকার

জিল হ্যাজেলবেকার উবার থেকে OpenAI-এ যোগ দিচ্ছেন. উবারে তিনি সভাপতি ও প্রধান করপোরেট বিষয়ক কর্মকর্তা হিসেবে বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির যোগাযোগ, বিপণন, জননীতি, নিরাপত্তা ও মানবসম্পদ বিভাগের কাজ তদারক করতেন. উবারে এক দশক কাজ করার সময় তিনি প্রতিষ্ঠানটির সুনাম গড়ে তোলা, নিয়ন্ত্রক বিধিবিধান ও সুনামসংক্রান্ত জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং বিশ্বজুড়ে এর প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় সক্ষমতা তৈরিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন.

উবারে যোগ দেওয়ার আগে জিল স্ন্যাপের যোগাযোগ ও জননীতি বিভাগের নেতৃত্ব দিয়েছেন. এর আগে তিনি গুগলে উচ্চপর্যায়ের নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন. সেখানে তিনি বিশ্বব্যাপী প্রাতিষ্ঠানিক যোগাযোগ, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় যোগাযোগ কার্যক্রম এবং ইউরোপে সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়গুলো তদারক করতেন.

জিল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কর্মজীবন শুরু করেন. তিনি স্থানীয়, অঙ্গরাজ্য ও জাতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারে নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন. তিনি ২০০৮ সালে সিনেটর জন ম্যাককেইনের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের জাতীয় যোগাযোগ পরিচালক ও প্রধান মুখপাত্র ছিলেন. এ ছাড়া তিনি নিউইয়র্ক সিটির মেয়র মাইকেল ব্লুমবার্গের সংবাদসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন.