এআই ও কর্মসংস্থান নিয়ে বেশির ভাগ আলোচনা শুরু হয় একটি সহজ প্রশ্ন দিয়ে: এআই কোন কোন কাজ করতে পারে.
প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তবে কর্মীদের ভবিষ্যৎ বোঝার জন্য এটুকুই যথেষ্ট নয়. কোনো প্রযুক্তি একটি পেশার অনেক কাজ করতে পারলেও পেশাটি বিলুপ্ত না-ও হতে পারে. বেশ কিছু কারণে এমনটি হতে পারে. কোনো ভূমিকায় মানুষ অপরিহার্য থাকতে পারেন, কারণ গ্রাহক মানুষের সঙ্গে যোগাযোগ চান, প্রতিষ্ঠানের প্রয়োজন মানুষের জবাবদিহি, কিংবা কাজে সশরীরে উপস্থিতি ও বিচারবোধ দরকার. আবার খরচ কমলে চাহিদা এতটা বাড়তে পারে যে এআই কর্মীদের উৎপাদনশীলতা বাড়ালেও কোনো খাতে কর্মসংস্থান সংকুচিত না হয়ে প্রসারিত হয়.
OpenAI-এর এআইভিত্তিক কর্মসংস্থান রূপান্তর কাঠামো এসব সম্ভাবনা নিয়ে ভাবার নতুন পথ দেখায়. প্রযুক্তি দিয়ে কতটা কাজ করা সম্ভব, সেটিকেই চাকরি হারানোর পূর্বাভাস না ধরে এই কাঠামো তিনটি প্রশ্ন তোলে:
এআই কি পেশাটির উল্লেখযোগ্য অংশের কাজ করতে পারে.
কাজ সম্পাদন, তদারক বা তার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে মানুষ কি এখনো কেন্দ্রীয় ভূমিকায় আছেন.
এআই সেবার খরচ কমালে চাহিদা কি এতটা বাড়বে যে বাড়তি উৎপাদনক্ষমতা কাজে লাগানো যাবে.
যুক্তরাষ্ট্রের প্রায় ১৪ কোটি ৮০ লাখ চাকরির অন্তর্ভুক্ত ৯২১টি পেশায় প্রয়োগ করে এই কাঠামো শ্রমবাজারের রূপান্তরের আরও বৈচিত্র্যময় চিত্র তুলে ধরে. প্রায় ১৮ শতাংশ চাকরি স্বয়ংক্রিয়করণের তুলনামূলক বেশি ঝুঁকিতে আছে, ২৪ শতাংশের পুনর্বিন্যাসের সম্ভাবনা রয়েছে, ১২ শতাংশ এআইয়ের সহায়তায় বাড়তে পারে এবং ৪৬ শতাংশে তাৎক্ষণিক পরিবর্তনের আভাস কম.
এই শ্রেণিবিভাগ নির্দিষ্ট শতাংশ চাকরি বিলুপ্ত হওয়ার পূর্বাভাস নয়. বরং কোথায় কোন ধরনের পরিবর্তন আগে দেখা দিতে পারে, তারই দিকনির্দেশনা.
স্বয়ংক্রিয়করণের বেশি ঝুঁকিতে থাকা চাকরি: এর মধ্যে তথ্য নথিভুক্তকরণ কর্মী, টেলিফোনে বিপণনকর্মী, মুদ্রণপ্রমাদ সংশোধক এবং কিছু হিসাবরক্ষণ বা প্রশাসনিক পদ থাকতে পারে. এসব কাজের বড় অংশ হলো নির্দিষ্ট ছকে সাজানো তথ্য প্রক্রিয়াকরণ, যাচাই বা আদান-প্রদান. চূড়ান্ত সেবা সরাসরি কোনো মানুষের হাত দিয়ে না দিয়েও এআই ক্রমেই এসব কাজ করতে পারছে. এর ফলে উৎপাদনশীলতা যতটা বাড়বে, এসব কাজের চাহিদা ততটা না-ও বাড়তে পারে.
এসব চাকরি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা দরকার, বিশেষ করে যেখানে কর্মসংস্থান নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত বা কর্মীদের কাছাকাছি ধরনের কাজে যাওয়ার সুযোগ সীমিত. তবে এখানেও প্রযুক্তির সক্ষমতা তৈরি হলেই আপনা-আপনি বা সঙ্গে সঙ্গে মানুষ চাকরি হারান না. নিয়োগদাতাদের কাজের ধারা নতুন করে সাজাতে, বিদ্যমান ব্যবস্থায় এআই যুক্ত করতে, ভুল ও নিয়মকানুন-সংক্রান্ত ঝুঁকি সামলাতে এবং মানুষকে কাজে রাখার চেয়ে স্বয়ংক্রিয়করণ সত্যিই সাশ্রয়ী কি না, তা নির্ধারণ করতে হয়.
যেসব চাকরির পুনর্বিন্যাস হবে: দ্বিতীয় ও বৃহত্তর গোষ্ঠীর চাকরিগুলো বিলুপ্ত না হয়ে পুনর্বিন্যস্ত হওয়ার সম্ভাবনাই বেশি. আইনজীবী, হিসাববিদ, সফটওয়্যার নির্মাতা, আর্থিক বিশ্লেষক ও শিক্ষক এর সম্ভাব্য উদাহরণ. এআই ইতিমধ্যেই চুক্তির খসড়া তৈরি, প্রমাণের সারসংক্ষেপ, আর্থিক বিশ্লেষণ, প্রোগ্রাম লেখা ও পাঠসামগ্রী তৈরির কাজ করতে পারে. তবু বিচারবোধ প্রয়োগ, সিদ্ধান্তের দায় নেওয়া, ব্যতিক্রমী ঘটনা বোঝা এবং সহকর্মী, শিক্ষার্থী বা গ্রাহকের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য সেবাগ্রহীতা ও প্রতিষ্ঠানের এখনো মানুষ দরকার.
এআইয়ের সহায়তায় প্রত্যেক আইনজীবী আরও বেশি নথি পর্যালোচনা, প্রত্যেক সফটওয়্যার নির্মাতা আরও বেশি প্রোগ্রাম লেখা বা প্রত্যেক শিক্ষক শিক্ষার্থীভেদে আরও বেশি উপযোগী পাঠসামগ্রী তৈরি করতে পারেন. ফলে কিছু কাজে শ্রমের প্রয়োজন কমতে পারে, কিন্তু পেশাগুলোতে মানুষের ভূমিকা স্পষ্টভাবেই বজায় থাকে. তখন মূল বিষয় হয় চাকরিগুলো কীভাবে নতুন করে সাজানো হচ্ছে: কোন কাজ এআইকে দেওয়া হচ্ছে, কোনটি কর্মীদের হাতে থাকছে এবং প্রারম্ভিক পদ ও পেশাগত অগ্রগতির পথে শেখার সুযোগ থাকছে কি না.
এআইয়ের সহায়তায় যেসব চাকরি বাড়বে: এসব কাজে এআই খরচ এতটা কমাতে পারে যে নতুন চাহিদা তৈরি হয়. উদাহরণ হিসেবে গৃহশিক্ষক, মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা, ব্যক্তিগত আর্থিক পরামর্শদাতা ও কিছু স্বাস্থ্যসেবা পেশাজীবীর কথা বলা যায়. বর্তমানে এসব সেবা অনেকের জন্য ব্যয়বহুল বা পাওয়া কঠিন. এসব ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়লেই যে কর্মী কম লাগবে, তা নয়. গৃহশিক্ষকের খরচ কমলে আরও বেশি পরিবার এই সেবা নিতে পারে. আর্থিক পরামর্শের খরচ কমলে বর্তমানে পরামর্শদাতা রাখার সামর্থ্যহীন পরিবারও নিজেদের প্রয়োজন অনুযায়ী দিকনির্দেশনা পেতে পারে. এআইয়ের সহায়তায় চিকিৎসকেরা রোগীদের আরও বেশি খোঁজখবর নিতে ও ধারাবাহিক সেবা দিতে পারেন. চাহিদা যথেষ্ট বাড়লে প্রতিটি কর্মীর উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি মোট কর্মসংস্থানও বাড়তে পারে.
তাৎক্ষণিক পরিবর্তন কম হবে যেসব চাকরিতে: এর মধ্যে অনেক কাজের মূল অংশ এখনো কায়িক শ্রমনির্ভর এবং নির্দিষ্ট স্থানে করতে হয়. যেমন বিদ্যুৎমিস্ত্রি, পানির পাইপের মিস্ত্রি, ছাদের মিস্ত্রি, নির্মাণশ্রমিক ও খাদ্যসেবার অনেক কর্মীর কাজ. এআই সময়সূচি, খরচের প্রাক্কলন, প্রশিক্ষণ, মজুত ব্যবস্থাপনা বা গ্রাহকের সঙ্গে যোগাযোগে সাহায্য করতে পারে. তবে বর্তমানে এটি তার লাগানো, পাইপ মেরামত, ছাদ বদলানো কিংবা খাবার তৈরি ও পরিবেশন করতে পারে না.
এসব পেশাও এআইয়ের প্রভাবমুক্ত থাকবে না. এগুলোর প্রশাসনিক ও ব্যবস্থাপনার কাজ বদলাতে পারে এবং রোবটপ্রযুক্তির অগ্রগতিতে একসময় স্বয়ংক্রিয়করণের পরিসর বাড়তে পারে. তবে আপাতত এসব পেশার মূল কাজে ভাষাভিত্তিক এআইয়ের প্রভাবের সুযোগ তুলনামূলক কম. তাই অদূর ভবিষ্যতে বড় পরিবর্তনের সম্ভাবনাও কম.
গোটা পেশা বিলুপ্ত হওয়ার আগে এআইয়ের প্রাথমিক প্রভাব সম্ভবত দেখা যাবে কাজ, কাজের ধারা ও প্রয়োজনীয় দক্ষতার পরিবর্তনে. বস্তুত, স্বয়ংক্রিয়করণের বেশি ঝুঁকিতে আছে বলে চিহ্নিত পেশাগুলোতে ইতিমধ্যেই এআইয়ের প্রকৃত ব্যবহার বেশি. সামগ্রিক কর্মীবাহিনীর তুলনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোতে ChatGPT‑এর ব্যবহার প্রায় তিন গুণ বেশি প্রচলিত.
তবু বেকারত্বের সাম্প্রতিক পরিবর্তন প্রযুক্তির সম্ভাব্য প্রভাবের সঙ্গে সরাসরি মেলে না. ২০২৪ সালের প্রথম প্রান্তিক থেকে, কাঠামোটি যেসব পেশাকে এআইয়ের সর্বোচ্চ ঝুঁকিতে রেখেছে, সেগুলোর চেয়ে এআইয়ের প্রভাবের সুযোগ কম এমন কিছু পেশায় বেকারত্ব বেশি বেড়েছে. তবে এ থেকে প্রমাণ হয় না যে শ্রমবাজারে এআইয়ের কোনো প্রভাব নেই. পেশাভিত্তিক বেকারত্বে অনেক কিছুর প্রভাব থাকে. কিছু পরিবর্তন ছাঁটাইয়ের বদলে প্রথমে নিয়োগ, প্রারম্ভিক পদে সুযোগ, মজুরি বা কাজের গঠনে দেখা দিতে পারে.
এআই কর্মজগতের একটিমাত্র অনিবার্য ভবিষ্যৎ নির্ধারণ করে না. প্রযুক্তিগত সক্ষমতা গুরুত্বপূর্ণ, তবে প্রতিষ্ঠান, ভোক্তার চাহিদা, ব্যবসায়িক সিদ্ধান্ত, নিয়মকানুন এবং মানুষের অংশগ্রহণের স্থায়ী মূল্যও সমান প্রাসঙ্গিক. এই গবেষণাপত্রে প্রস্তাবিত রূপান্তর কাঠামো ইঙ্গিত দেয়, ভিন্ন পেশার জন্য ভিন্ন নীতিগত পদক্ষেপ প্রয়োজন হবে.
স্বয়ংক্রিয়করণের বেশি ঝুঁকিতে থাকা চাকরির জন্য আগাম সতর্কতা ব্যবস্থা, মানিয়ে নিতে লক্ষ্যভিত্তিক সহায়তা এবং স্থানীয়ভাবে প্রণীত রূপান্তর পরিকল্পনা দরকার হতে পারে.
পুনর্বিন্যাসের সম্ভাবনা থাকা চাকরিতে হালনাগাদ প্রশিক্ষণ, পেশাগত মানদণ্ড, জনবল-সংক্রান্ত নিয়ম এবং মানুষের তদারকির বিষয়ে আরও স্পষ্ট প্রত্যাশা প্রয়োজন হতে পারে.
বৃদ্ধির সম্ভাবনা থাকা চাকরিতে এআই গ্রহণে উৎসাহ, সেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি এবং আরও কর্মীকে ওই খাতে প্রবেশের উপযোগী করে তোলার নীতি সুফল দিতে পারে.
সব শ্রেণির ক্ষেত্রেই নীতিনির্ধারকদের চলমান পরিস্থিতির আরও ভালো তথ্য দরকার. প্রচলিত শ্রম পরিসংখ্যান মূল্যবান, তবে কাজ, নিয়োগদাতার প্রত্যাশা ও প্রযুক্তির ব্যবহারের পরিবর্তন ধরতে এগুলো প্রায়ই যথেষ্ট দ্রুত হালনাগাদ হয় না. কর্মসংস্থানের তথ্যের সঙ্গে এআইয়ের সক্ষমতা ও বাস্তবে ব্যবহারের পরিমাপ মিলিয়ে দেখলে কোথায় চাপ বাড়ছে, তার আরও সময়োপযোগী চিত্র পাওয়া যায়.


